আশুরা উপলক্ষে মোহাররমের মিছিলে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের পুলিশের তল্লাশির পরই মিছিলে অংশ নিতে পারবেন জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যারা মিছিলে অংশ নেবেন তারা মিছিলের শুরুর স্থানে এসে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির পর অংশ নেবেন পথের মাঝখান থেকে কেউ মিছিলে যোগ দিতে পারবেন না।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার শিয়া মুসলিমদের তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
কমিশনার বলেন, আশুরা উপলক্ষে মোহাররমের মিছিলে সকল প্রকার ধাতব বস্তু বহন, জিঞ্জির, দা-ছুরি-তলোয়ার, ঢোল-লাঠিখেলা এবং আগুন খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
তাজিয়া মিছিলসহ মোহাররমের বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে— হোসনি দালান, বিবিকা রওজাসহ রাজধানীর বিভিন্ন ইমাম বাড়ায় পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে জানান তিনি।
আশুরা উপলক্ষে আগামী ১ অক্টোবর হোসেনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল শুরু হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।