ভূ-রাজনৈতিক কারণে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে মন করেছেন অর্থনীতিবিদরা। এই সমস্যাকে মানবিক দৃষ্টিতে বিবেচনা করার তাগিদে দিয়েছেন তারা।
এছাড়া উন্নয়ন প্রকল্পের নামে বনভূমি ও পাহাড় কাটা, নদী দখলসহ নানা মানব সৃষ্ট কারণে পরিবেশের ক্ষতি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
তাদের মতে অথনৈতিক উন্নয়ন ও পরিবেশকে মুখোমুখি দাঁড় করিয়ে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়— এজন্য পরিবেশের ভারসম্য রক্ষার ওপর জোর দিয়েছেন তারা।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে।
মানুষ সৃষ্ট কারণে কীভাবে দেশের পাহাড়, উপকূল কিংবা বনাঞ্চল উজাড় হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে আলোচনা সভার আয়োজন করে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট: সেড।
আলোচনা সভায় অর্থনীতিবিদ, শিক্ষকসহ পরিবেশ আন্দোলনে সঙ্গে জড়িত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। আলোচনায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটিও গুরুত্ব পায়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পরিবেশ ধ্বংস করে সরকার যে সব উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষও রোহিঙ্গাদের মতো উদ্বাস্তুতে পরিণত হবে।
অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের ভূ-রাজনৈতিক কারণ বলে উল্লেখ করেন।
তবে পুরো বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানের ড. হোসেন জিল্লুর বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ মুখোমুখি অবস্থানে রেখে কোনো সমস্যা সমাধান সম্ভব না।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামত প্রাধান্য পায় না বলেও মন্তব্য করেন তিনি।