এবারের টানা বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রায় আট লাখ দরিদ্র ও প্রান্তিক কৃষককে পুর্নবাসন করতে যাচ্ছে সরকার।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এসব কৃষকদের মাঝে দুইশো কোটি টাকার সার, বীজ এবং নগদ অর্থ সহায়তা পৌঁছে দেয়া হবে।
এতে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি খাদ্যশস্য সংকট দূর হবে বলে মনে করছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী।
তিনি বলেন, এই সহায়তার আওতায় হাওরের ৬ জেলাসহ দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ১৮ জেলা মোট ২৪ জেলার প্রায় আট লাখ দরিদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুযোগ পাবেন। তারা বোরো ও রবি আবাদে বিনামূল্যে, সার, বীজের পাশাপাশি নগদ এক হাজার টাকা পাবেন।
এতে করে কৃষকরা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং আর্থ সামাজিক উন্নত হবে এ আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, আর এই সংখ্যক কৃষক সহায়তা পেলে ব্যয়ের থেকে সর্বোচ্চ ১১ ভাগ বেশি ফসল উৎপাদন হবে।
একই সঙ্গে পানি সহনীয় সবজি ও ফসল আবাদেও কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে জানান মন্ত্রী।