প্রধান বিচারপতি সংক্রান্ত ইস্যুকে সামনে রেখে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল চক্র সাম্প্রদায়িক উস্কানিতে তৎপর বলে অভিযোগ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের উদ্বেগ ও শঙ্কা থেকে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, সাতজন বিচারপতির একটি রায় নিয়ে শুধুমাত্র প্রধান বিচারপতিকে টার্গেট করে সরকারি দল ও জোটের মহল বিশেষ ব্যক্তিগতভাবে শুধু একতরফা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে।
তিনি জানান, বিচারপতির ধর্মবিশ্বাস বা তার সম্প্রদায়গত অবস্থানকে কটাক্ষ করা হলে তা অবশ্যই সেই ধর্মে বিশ্বাসী লোকদের আহত করে।