রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় শেখ হাসিনা বলেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-এ লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে সরকার কারণ মানুষের কল্যাণে কাজ করাই বর্তমান সরকারের নীতি।
এছাড়া ধানমণ্ডি আবাসিক এলাকা ও মোহাম্মদপুরে পরিত্যক্ত বাড়ির জায়গায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বস্তিতে বসবাস কোনো দেশের জন্য সম্মানজনক নয় তাই বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার যাতে তারা একটু ভালভাবে বাঁচতে পারে নাগরিক সুবিধা ভোগ করতে পারেন।
অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে - উল্লেখ করে দেশের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, এখন গ্রামে থেকেও একজন বেকার যুবক বিভিন্ন সুবিধা গ্রহণ করে স্বাবলম্বী হতে পারে। আর সে সুযোগই করে দিয়েছে বর্তমান সরকার।