আসছে নতুন বছরে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে দেশে, যারমধ্যে সাপ্তাহিক ছুটি পড়েছে ৭ দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০১৮ সালের এ ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানান, ২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।
শফিউল জানান, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৯ এপ্রিল বৌদ্ধ পূর্ণিমা, ১ মে মে দিবস, ১৫ জুন জুমাতুল বিদা, ১৬ জুন ঈদুল ফিতর, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২২ আগস্ট ঈদুল-আযহা, ২ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ১৯ অক্টোবর দুর্গাপূজা, ২১ নভেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড় দিনের সাধারণ ছুটি থাকবে।
এছাড়া সরকারের নির্বাহী আদেশে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২ মে শবে বরাত, ১২ জুন শবে কদর, ১৫ ও ১৭ জুন ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ২১ ও ২৩ আগস্ট ঈদুল আযহার আগে ও পরের দিন এবং ২১ সেপ্টেম্বর আশুরার ছুটি থাকবে।
এবার ১৪ দিনের সাধারণ ছুটির মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশে আট দিনের মধ্যে তিন দিন শুক্র-শনিবার পড়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব নিয়ম ও বিধি দিয়ে নিয়ন্ত্রিত হয় বা সেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেসব অফিস নিজেদের নিয়মে জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।
চলতি ২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে।
২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।