আইন প্রণয়ন, গণতন্ত্রের সঠিক চর্চায় সংসদকে শক্তিশালী করা; নারী ক্ষমতায়নের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে উপায় খোঁজার মধ্য দিয়ে শেষ হলো সিপিসি'র ষষ্ঠ দিনের আলোচনা। আলোচ্যসূচিতে না থাকলেও আলোচনায় উঠেছে রোহিঙ্গা ইস্যু।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের ষষ্ঠদিনে ছয়টি কর্মশালাসহ বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নারী ক্ষমতায়ন, আইন প্রণয়ন, গণতন্ত্রের সঠিক চর্চার পাশাপাশি বিভিন্ন নীতি নির্ধারণীতে সংসদকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হয় বৈঠকগুলোতে।
এদিকে, মঙ্গলবার রোহিঙ্গা ইস্যু রেজ্যুলেশনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে বাংলাদেশ। সিপিসি'র মূল আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও এ নিয়ে আলোচনা করেন বিদেশী আইন প্রণেতারা। আশ্বাস দেন এ সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার।
নারী ক্ষমতায়নের পাশাপাশি এসডিজি বাস্তবায়নে সংসদ কী ভূমিকা রাখতে পারে, সে পথ খোঁজা হয় আরেকটি বৈঠকে। সেখানেও সংসদকে শক্তিশালী করার ওপরই জোর দেয়া হয়।
আলোচকরা বলেন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভাব ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য যোগাযোগ সহজ করার তাগিদ দেয়া হয়।