ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
এবার ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় করে এই দুর্নীতি প্রতিরোধে ৫ দফা সুপারিশ করেছে দুদক।
এসব সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও বলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ।
এবার ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দুদক।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত জমি, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমিতে অনৈতিক সুবিধা নেয়ার বিষয় দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়।
ভূমি রেজিস্ট্রেশন, নামজারির মতো বিষয়গুলোতে মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় এবং এসব ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেন হয়ে থাকে বলে উল্লেখ করেন দুদক কর্মকর্তা ড. নাসির উদ্দিন।
এসব দুর্নীতি প্রতিরোধে ভূমি জরিপ কাজে প্রশিক্ষিত কর্মচারী নিয়োগ, চিহ্নিত অসৎ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সকল অধিদপ্তরের কাজে স্বচ্ছতা, জনগণের ভোগান্তি কমানো এবং সকল কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার সুপারিশ করেছে দুদক।
এসব সুপারিশ বাস্তবায়নের কথা জানিয়েছে মন্ত্রণালয়, কোনও দুর্নীতিবাজ বা অপরাধী ছাড় পাবে না বলে উল্লেখ করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।