মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়া ও তাদের নিজ দেশে ফেরত পাঠানো বিষয়ে বাংলাদেশ নজিরবিহীন সঙ্কটে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
তবে নানা প্রতিকূলতা সত্ত্বেও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় এর সমাধানের আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যার মূল উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও সে দেশকে করতে হবে বলেও জানান তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সামরিক অভিযান ও সহিংসতার পরিপ্রেক্ষতে রোহিঙ্গা সমস্যা জটিল আকার ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের তৎপরতা সরকারের জোর কূটনৈতিক প্রচেষ্টারই ফসল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে জাতিগত নিধন বন্ধের দাবি এখন সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াটা বাংলাদেশের সময়োযোগী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দ্রুততম সময়ের মধ্যে মিয়ানমারকে তার নাগরিকদের নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।