দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক-কর্মচারীদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী সংবেদনশীল।
বেতন কাঠামো চূড়ান্ত করতে মালিকপক্ষও ইতিবাচক— খুব শিগগিরই নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে জানান তিনি।
তিনি আরো বলেন, ২০১৩ ও ২০১৪ সালে যারা আগুন সন্ত্রাস করেছে তাদের বিষয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের ভয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে রাখার কথা চিন্তা করছেন।
ডিআরইউ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৭’পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ। এবার ২৭টি ক্যাটাগরিতে ২৯ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
সংবাদপত্রে শিক্ষা বিষয়ক ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন নয়াদিগন্তের মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্টিংয়ে ডেইলি স্টারের মাসুম আলী মোল্লা, অর্থনীতি বিষয়ক রিপোর্টিংয়ে ঢাকা ট্রিবিউনের ইব্রাহিম হুসাইন, নগর সমস্যা ও সম্ভাবনায় ডেইলি স্টারের হেলেমুল আলম, অপরাধ বিষয়ক রিপোর্টিংয়ে প্রথম আলোর রোজিনা ইসলাম, সংসদ ও নির্বাচন কমিশন রিপোর্টিংয়ে কালের কণ্ঠের কাজী হাফিজ, বিদ্যুৎ জ্বালানিতে ফিনান্সিয়াল এক্সপ্রেসের আজিজুর রহমান রিপন পুরস্কার পান।
এছাড়া বৈদেশিক সম্পর্ক বিষয়ে যৌথভাবে ডেইলি স্টারের সাখাওয়াত লিটন ও ইনাম আহমেদ, ক্রীড়া রিপোর্টিংয়ে প্রথম আলোর মাসুদ আলম, স্বাস্থ্য বিষয়ক রিপোর্টিংয়ে ডেইলি স্টারের কলিমুল পালমা, রাজনীতি বিষয় রিপোর্টিংয়ে সমকালের আবু সালেহ রনি, কৃষি ও পানিতে জনকণ্ঠের কাওসার রহমান, ইতিহাস ও ঐতিহ্যে মানবকণ্ঠের এম মামুন হোসেন, ব্যাংকিং ও অর্থনীতিতে ভোরের কাগজের মরিয়ম সেজুতি, নারী-শিশুতে যৌথভাবে যুগান্তরের শিপন হাবিব ও সমকালের সাজিদা ইসলাম পারুল।
ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ টেলিভিশনে অর্থনীতি বিষয়ক রিপোর্টিংয়ে চ্যানেল২৪ এর ফারুক আহমেদ মেহদী, নগর সমস্যা ও সম্ভাবনায় মাছরাঙ্গা টিভির বরুদ্দোজা বাবু।