সরকারের সদিচ্ছার অভাবেই পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার। অপারেশন উত্তরের নামে কার্যত পাহাড়ে সেনাশাসন চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা অভিযোগ করেন, এ চুক্তির পর থেকে কোন সরকারই চুক্তিটি বাস্তবায়নে উদ্যোগী হয়নি। চুক্তিতে পাহাড়ে সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের কথা বলা হলেও 'অপারেশন উত্তরনের' নামে সেখানে পাহাড়িদের ওপর অত্যাচার চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, সাজেকে পর্যটন রিসোর্ট করার ক্ষেত্রে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এখনও শুরু হয়নি ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ। সরকারই এ চুক্তি বাস্তবায়নের বড় বাধা।
চুক্তি বাস্তবায়নে গড়িমসি করে সরকার পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আরো জটিলতার দিকে ঠেলে দিচ্ছে জানিয়ে সন্তু লারমা বলেন, পূর্বঘোষিত দশ দফার ভিত্তিতে অসহযোগ আন্দোলন করা হবে।
চুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।