শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ-বৃহস্পতিবার ঢাকা এসেছেন।
বিকেল ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এ সময় পোপকে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
তিন দিনের সফরে তিনি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।
এদিকে, পোপের আমগন উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, পোপ ফ্রান্সিসের এ সফরে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের সুবাতাস প্রবাহিত হবে। আর প্রধানমন্ত্রী বলেন, পোপের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভ্যাটিকানের মধ্যকার সম্পর্ক আরো জোরদার ও ঘনিষ্ট হবে।
সত্তরের বন্যায় বিধ্বস্ত বাংলার মানুষদের এক নজর দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে এক ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছিলের ক্যাথলিক খ্রিস্টানদের তৎকালীন ধর্মগুরু পোপ ষষ্ঠ পল। তারও সতেরো বছর পর পোপ দ্বিতীয় জন পল আসেন বাংলাদেশে। ৩১ বছর পরে শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে ঢাকা সফরে আসছেন ২৬৬তম পোপ ফ্রান্সিস।
রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চের পল-পুরোহিত কমল কোরাইয়া বলেন, জাতিগোষ্ঠীতে যে সংঘাত, সেসব দূর করতে শান্তি ও সম্প্রীতির সুবাতাস বয়ে আনবে পোপের এ সফর এমনটাই আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের।
ভ্যাটিকানের প্রধান হিসেবে তার এই সফর রাষ্ট্রীয় পর্যায়ের। অন্যদিকে ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু ও সর্বপ্রধান ধর্মপাল হিসেবে তার সফর হবে ধর্মীয় গুরুত্বকে প্রাধান্য দিয়ে। পোপ ফ্রান্সিসের সফর উপলক্ষে বাংলাদেশ ক্যাথলিক চার্চের পক্ষ থেকে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে।
তিন দিনের সফরে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও ধর্মীয় ও সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গেও মত বিনিময় করবেন পোপ।
আজই বিকেল ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর পর পোপ ফ্রান্সিস সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন ও সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সময় রয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় খ্রিস্টজাগে অংশ নেবেন পোপ ফ্রান্সিস। অন্যান্য ধর্মীয় নেতাদের সঙ্গেও আলোচনা সভায় যোগ দেবেন কাকরাইল চার্চে। শনিবার তেজগাঁও চার্চে প্রার্থনা ও পরিদর্শন শেষে বিকাল ৫টায় রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পোপ।
পোপ ফ্রান্সিসের এ সফর উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।