পয়লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করার জন্য দাবি জানানো হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ প্রতিক্রিয়া জানান সেক্টর কমাণ্ডার্স ফোরামের সভাপতি মে.জে. কে এম শফিউল্লাহ।
পরে বিজয়ের মাস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেক্টর কমাণ্ডার্স ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে, প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো মাসজুড়ে বিজয়ের সেই আনন্দ উদযাপন করবে বাঙালি জাতি।
মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে স্থায়ীভাবে ছড়িয়ে দিতে পয়লা ডিসেম্বরকে 'মুক্তিযোদ্ধা দিবস' হিসেবে সরকারি ঘোষণা দেয়ার দাবি জানিয়েছে সেক্টর কমাণ্ডার্স ফোরাম। এ দাবি আদায়ে সকল মুক্তযোদ্ধাকে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালে এই ডিসেম্বরেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ যুদ্ধ বিজয়ের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয় বাঙালির বিজয়।