সবসময় ফোনে ব্যস্ত না থেকে পরিবার-আত্মীয় স্বজনদের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
শনিবার রাজধানীর নটরডেম কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে পোপ ফ্রান্সিস, পরিবারে মা-বাব ও বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষকদের শ্রদ্ধা করতে এবং তাদের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেন।
প্রায় বিশ মিনিটের ভাষণে ধর্ম, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, আচার-আচরণ, বড়দের প্রতি শ্রদ্ধার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, সমাজকে পরিপূর্ণ যুবারাই করতে পারে।
পোপ ফ্রান্সিস বলেন, ‘যখন একটি জনগোষ্ঠী, ধর্ম বা সমাজ একটি ছোট পৃথিবীতে গিয়ে আবদ্ধ হয়, তখন মহত্তমকে হারিয়ে ফেলে এবং নিজের সবকিছুই সঠিক মনে করি, যা অহমিকা তৈরি করে। আমরা দিক ভ্রষ্ট হই এবং লক্ষ্য থেকে হারিয়ে যাই। সমাজের যুবরা সব সময়ই ঝুঁকি নিতে ও সামনে এগিয়ে চলতে প্রস্তুত। সুসময় এবং দুঃসময়েও তোমাদের উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে হবে।‘
পিতা-মাতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং শিক্ষকদের শ্রদ্ধা করতে এবং তাদের নির্দেশনা মেনে চলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন ক্যাথলিক খ্রিস্টানদের এ প্রধান ধর্মগুরু। এ সমাবেশে খ্রিস্টান অনুসারীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যোগ দেয়ায় আনন্দিত তিনি।
এ সমাবেশের মধ্য দিয়ে নিজ নিজ সহাবস্থানের পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন পোপ ফ্রান্সিস।