সমাজে যারা প্রতিবন্ধী দেশের মানুষ তাদেরকে অবহেলা না করে আরো যত্নবান হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২৬তম আন্তর্জাতিক দিবস ও ১৯তম জাতীয় দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ' প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো ২৬তম আন্তর্জাতিক দিবস ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবসে বাংলাদেশেও ছিল নানা আয়োজন। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় একটু সাহায্য ও সহযোগিতা পেলে তারাও সমাজের মূলধারায় আসতে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফল প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের পক্ষ থেকে স্মার্ট হুইল চেয়ার, স্মার্ট ট্রাই সাইকেল এবং স্মার্ট টকিং ডিভাইস প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করা হয়।
পরে প্রতিবন্ধীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে দিনটি।
'সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ' - এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সকালে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে কর্মসূচিটি পালন করেছে।
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক। শোভাযাত্রাটি পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া, নড়াইল, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নেত্রকোনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, খাগড়াছড়িতে দিবসটি পালিত হয়েছে।