দুর্নীতির জন্য যেখানে মাথা নত হওয়ার কথা— সেখানে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্বিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা ও বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, লজ্জা হওয়া উচিত মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের। খালেদা জিয়ার দুর্নীতির বিচার কাজ শেষ পর্যায়ে থাকায় অস্থির হয়ে পড়েছেন বিএনপি নেতারা। যতো অন্যায় করেছে বিএনপির নেতারা, এর জন্য তাদেরকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি আরো বলেন, সৌদি আরবে জিয়া পরিবারের অর্থ পাচারের খবর গণমাধ্যমে এসেছে। বিএনপি এখন এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।
বিএনপিকে নির্বাচনে আনার দায় সরকারের নেই জানিয়ে মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনে না আসার ভুল এবার করবে না বিএনপি।
বিএনপির নেত্রী নানা কৌশলে কালক্ষেপন করে মামলা থেকে বাঁচতে চাইছেন বলেও জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।