আবারও বাংলাদেশিদের জন্য খুলছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার।
রোববার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
জাপানি শ্রমবাজার ধরতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে রাজধানীতে একটি জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের সুবিধা অসুবিধা জানার জন্য, ৩টি হট লাইনও চালু করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন আয়োজ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ শ্রমশক্তি রপ্তানি হয়েছে। এবছর ৯ লাখ ৭৩ হাজার জন কাজ নিয়ে বিদেশে গেছেন। তবে এ সময়ে কতজন প্রবাসী বাংলাদেশে ফেরত এসেছেন সে হিসেব নেই মন্ত্রণালয়ের কাছে।
মন্ত্রীর দাবি, ৫২টি নতুন শ্রমবাজারে কিভাবে জনশক্তি রপ্তানি করা যায় সে সম্পর্কিত গবেষণা সরকার প্রায় শেষ করে এনেছে আর দীর্ঘদিন বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে।
তিনি জানান, জাপানের শ্রমবাজারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হওয়ার পথে— তবে সেখানে পাঠাতে হলে জাপানি ভাষা জানতে হবে এজন্য আন্তর্জাতিক অভিবাসী দিবসে একটি জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
প্রবাসীদের সমস্যা জানাতে এদিন ৩টি হট লাইন চালু করা হয়েছে।
হট লাইনের নম্বরগুলো হলো: ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪, ৩৩৩৩৩৩ এবং ০২৯৩৩৪৮৮৮।
অফিস চলাকালীন সময়ে প্রবাসীরা এ নম্বরগুলোতে ফোন করতে পারবেন।