যারা স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, আগুন দিয়ে মানুষ পোড়ায় আর যুদ্ধাপরাধীদের মদদ দেয় তাদের ভোট না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, জনগণ তাদের ভোট দেবে না তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়ন করে আর বিএনপি তা ধ্বংস করে।
রোববার বিকালে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসব কথা বলেন দলের সভানেত্রী।
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে আওয়ামী লীগ। সভাপতির ভাষণে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে অথচ ৭৫'র পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা জনগণের ভাগ্য নিয়েই খেলতে শুরু করে।
যে দল স্বাধীনতার কথা বলে সে দলে কিভাবে যুদ্ধাপরাধীদের সন্তানরা সদস্য পদ পায়-এমন প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে জানিয়ে তিনি বলেন, যারা দুর্নীতি করেছে, দেশের টাকা আত্মসাৎ করেছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না।
স্বাধীনতার সুফল মানুষের ঘরে পৌঁছতে শুরু করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধীরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না।
যুদ্ধজয়ী জাতি বাঙালি সবসময় বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে বলেও জানান আওয়ামী লীগ সভানেত্রী।