সাধারণ মানুষ যাতে যোগ্য প্রতিনিধি পায় সেজন্য নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনাফা নির্বাচন কমিশনের সঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য বিশ্লেষণ করে তা উপস্থাপনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
সুজনের সহ-সম্পাদক জাকির হোসেন বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য শুধু নির্বাচন কমিশন একা কাজ করলে হবে না প্রার্থী থেকে শুরু করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই কাজ করতে হবে। আয়কর বিবরণীতে মেয়র প্রার্থীরা বাৎসরিক পারিবারিক ব্যয়ের যে বিবরণ দেখিয়েছেন তা নিয়ে প্রশ্ন উত্থাপন করার যথেষ্ট সুযোগ রয়েছে।
যে পরিমাণ অর্থ তারা সারা বছরের ব্যয় হিসেবে দেখিয়েছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও জানান তিনি।
আর সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীরা হলফনামায় যেসব তথ্য দেন তা সঠিকভাবে যাচাই করা হয় না বলেই সাধারণ মানুষ অনেক সময় যোগ্য জন প্রতিনিধি পায় না।
শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় এজন্য সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।