নিজেদের শৃঙ্খলা মেনে এবং আনুগত্যের সঙ্গে দেশের জন্য কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির সদরদপ্তরে বিজিবি দিবস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিডিআর বিদ্রোহে নিহত ৫৭ কর্মকর্তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শেখ হাসিনা বলেন, বিজিবির সদস্যদের দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব গড়ে তোলা সহ এ বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার।
শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা, মিয়ানমারের সঙ্গে সীমান্ত উত্তেজনা, রামুর বৌদ্ধ পল্লীতে নিরাপত্তা, পার্বত্য এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ে দৃষ্টান্তমূলক ভূমিকায় বিজিবির সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে এ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এর আগে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানা বিজিবি সদরদপ্তরে সকাল ১০টায় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কুচকাওয়াজে প্রথমবারের মতো উপস্থিত ছিলেন ভারত ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা।
এ সময় বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫১ জন বিজিবি কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিজিবি সদস্যদের নিজেদের শৃঙ্খলা মেনে দেশের কল্যাণে কাজ করতে বলেন।