ব্যাংকিং খাতে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেই এ খাতে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না— এমন মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণফোরামের কর্মসূচি শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের লুটপাটের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সরকারের সাংবিধানিক কর্তব্য।
ব্যাংকিং খাতের লুটপাট নিয়ে একটিও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি উল্লেখ করে গণফোরাম সভাপতি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যাক্তিদের বক্তব্যেই প্রমাণ হয় এর সঙ্গে তারা জড়িত রয়েছেন।
বর্তমান সরকার বিনা ভোটে নির্বাচিত হওয়ায় তাদের কোনো জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন ড. কামাল। দেশে গুম-খুন, দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।