জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্য করা হবে।
এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে পালন করেন তিনি।
১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন নজিবুর রহমান।
এর আগে জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সুনামগঞ্জের ছাতকে ১৯৬০ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন নজিবুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়ালেখা করেন।