ভাতার উপর নির্ভরশীলতা কমিয়ে কর্মক্ষম ভাতাগ্রহিতাদেরকে উপার্জনের মধ্য দিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, কেউ যেন কর্মবিমুখ না হয়ে পড়ে সেজন্য তাদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। আগামিতে মোবাইলের মাধ্যমে ভাতাভোগিদের হাতে ভাতা পৌঁছে দেয়া হবে।
তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য কাজ করছে তার সরকার। ভাতাভোগিদের মধ্য কর্মক্ষমদের কাজ করতে হবে। দেশের উন্নয়নে সরকার যে কাজ করছে তার সুফল সবাই পাবে। সকলের জন্য তৈরি হবে সমান সুযোগ।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগারগাওয়ে সমাজসেবা ভবনে চারদিনের সমাসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বয়স্ক-মহিলা-হিজড়া-বেদে-প্রতিবন্ধীসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠির জন্য ৫০টির মতো কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকার। এর আওতায় এ বছর ৩ হাজার ৮১৪ কোটি টাকা প্রদান করা হয়েছে। যা গতবারের চেয়ে ১৪.৯৪ ভাগ বেশি।
এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস পালন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।