প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের দায়িত্ব যখন দেন তখন অনেকে আমাকে তাচ্ছিল্য করেছিলেন, একটা ডুবন্ত জাহাজ তোমাকে তুলতে দেয়া হয়েছে—আজ তৃপ্ত মনে বিদায় নিচ্ছি এজন্য যে অন্তত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হয়েছি বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী রাশেদ খান মেমন।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে নতুন মন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মেনন।
নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে সতর্ক করে মেনন বলেন, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বাংলাদেশ বিমানের কারণে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে।
তিনি বলেন, আপনার একটা বক্তব্য টেলিভিশনে খুব জোরেশোরে প্রচার হচ্ছে— এটা ঠিক যে বিমান নিয়ে অনেক সঙ্কট আছে, এটা নিয়ে সবচেয়ে বেশি গালি খাবেন— বিমানের এমডি সাহেবের সামনেই বলছি আমাদের যত অর্জন সব বিমানেই শেষ হয়ে যায়।
গতকাল মন্ত্রিসভার রদবদলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় নতুন মন্ত্রী লক্ষ্মীপুরের এমপি কামালকে।
দায়িত্ব গ্রহণের পর মেনন বলেন- নতুন মন্ত্রণালয়ে মানুষের জন্য আরো বেশি কাজ করার সুযোগ পাবেন তিনি, নির্বাচনের বছরে মন্ত্রীসভায় এই রদবদল স্বাভাবিক বিষয়।
আর চার বছর ধরে বিমানের দায়িত্বে পালন করা ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে দেয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে।
দায়িত্ব বোঝানোর সময় মেনন বলেন, পরশু আমরা একনেকে আলাপ করেছি সিভিল এভিয়েশন নিয়ে, চলে আসল বিমান, দুই পক্ষ থেকে বেশ কথাবার্তা বলল, আমি চুপ করে শুনলাম। এ সময় বাণিজ্যমন্ত্রী এত বেশি সমালোচনা করলেন যে, প্রধানমন্ত্রী বললেন- ‘আপনি দায়িত্ব নেন। তখন তিনি (তোফায়েল) মাফ চেয়ে বলেছেন- ‘আমি দায়িত্ব নেব না’— এই ধরনের অনেক ঘটনাও আছে।
নতুন মন্ত্রীকে মেনন বলেন, আপনি বিমান নিয়ে সঙ্কটে থাকবেন, কিছুটা এই সেন্সে যে লাগেজ দেরি হয়ে গেছে তিন ঘণ্টা তবে আপনাকে এটা বলি, এই বোর্ড আসার পর প্রথম লাগেজ ২০ মিনিটে এবং শেষ লাগেজ ৮৫ মিনিটে দেয়ার ব্যবস্থা হয়েছে। অন্যদেশে আধাঘণ্ট হেঁটে ইমিগ্রেশন করতে হয়, আমাদের এখানে প্লেন থেকে নেমেই ইমিগ্রেশন ও প্লেন থেকে মেনেই লাগেজ। অন্য দেশে যে আধাঘণ্টা হাঁটে, সেটা মনে থাকে না। এসেই বলে আমার লাগেজ নেই।
বিমানের কর্মীদের চাকরি ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করায় সিবিএ ‘অসন্তুষ্ট’ হয়ে আছে এবং সে কারণে নতুন মন্ত্রীর কাজে কিছুটা ‘অসুবিধা’ হতে পারে বলেও মন্তব্য করেন বিদায়ী মন্ত্রী।
বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন সরকারি দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়ে মেনন বলেন, এ মন্ত্রণালয়ের কার্যক্রমের যে গতি রয়েছে তা আরও বৃদ্ধি পাবে এবং যে ভিত্তি তৈরি হয়েছে তার উপর সৌধ গড়ার কাজটি করতে পারবেন বলে বিশ্বাস করি।
চার বছর আগে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বের পর থেকে হাতে নেয়া বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যও বিদায়ের সময় বিস্তারিত তুলে ধরেন মেনন।
চার বছরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালালের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে একাধিক ঘটনায়। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে যুক্তরাজ্য ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে আকাশপথে কার্গো বহনে নিষেধাজ্ঞা দিয়েছে যা এখনও তোলা যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুনাফা এ বছর কমে আসার পেছনে ওই নিষেধাজ্ঞাও ভূমিকা রেখেছে।