গত পাঁচ বছরে পেশাদার সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে— দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন, মাদক ও জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা যায়নি। শনিবার পুলিশ সদর দপ্তরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত পাঁচ বছরে সারাদেশে সংগঠিত অপরাধের একটি তথ্যচিত্র তুলে ধরে আইজিপি বলেন, ক্রমান্বয়ে সন্ত্রাস কমেছে। পেশাদার সন্ত্রাসী কর্মকাণ্ডও কমেছে। তবে এসময় জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠলেও ক্রমাগত অভিযানে তাদের দমনে বিশ্বে রোলমডেল হয়ে উঠেছে বাংলাদেশ।
তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদ হচ্ছে আসক্তি— এ দুই অপতৎপরতা পুরোপুরি নির্মূল করা যায়নি। আর ইয়াবা নিয়ে দুশ্চিন্তার রয়েই গেছে। পার্শবর্তী দেশ থেকে আসা এ মাদক নিয়ন্ত্রণে পুলিশ সচেষ্ট রয়েছে।
আইজিপি আরো বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, তার বিরুদ্ধে মাদক আইনেই মামলা করা হয়।
আর পুলিশ বাহিনীতে যোগ দিতে হলেও মাদকমুক্ত বলে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বলেও জানান তিনি।