কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়া, মানুষের কাছ থেকে সম্মান পাওয়া একজন রাজনীতিকের বড় পাওয়া, বড় অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রয়াত মন্ত্রী, মেয়র, সাবেক ডেপুটি স্পিকার ও এমপিদের জন্য আনীত শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন ।
তিনি বলেন, সততা, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে আমাদের এই নেতারা মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। একজন রাজনীতিবিদ যদি গণমানুষের পাশে থাকেন, মানুষের সমর্থন পান তাহলে তার অর্থবিত্ত, শক্তি কোনো কিছুই লাগে না।
রোববার বিকেলে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিনচৌধুরী, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীসহ বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব আনা হয়।
শোকপ্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছায়েদুল হক সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তার কাজের সফলতায় মৎস্য উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থান অধিকার করেছে। একজন রাজনীতিবিদ সৎ হলে দেশ এগিয়ে যায়। ছায়েদুল হককে আমরা সেই রকমই একজন মন্ত্রী পেয়েছিলাম।
ছায়েদুল হক সম্পর্কে প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি এমনই একজন জনপ্রিয় নেতা ছিলেন যে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে আমাদের পরিকল্পিতভাবে পরাজিত করা হয়। তখনও ছায়েদুল হক বিজয়ী হয়েছিলেন। তৃণমূলে তার জনপ্রিয়তা এমন পর্যায়ে ছিল যে, তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করেও তাকে হারাতে পারেনি। কারণ জনগণ তার সঙ্গে ছিল, জনগণের সমর্থন পেয়েছিলেন তিনি।