দেশে মাদকের ব্যবহার বন্ধ-এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
মাদকাশক্তি দেশের যুব সমাজকে ধ্বংস করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মাদক কোথা থেকে আসছে এবং কারা এজেন্ট তা খুঁজে বের করতে হবে।
বর্তমানে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে—উল্লেখ করে তিনি আরো বলেন, মাদকের কবল থেকে যুব সমাজকে উদ্ধার করতে হবে। জঙ্গিবাদ নির্মূলের মতো মাদককেও নির্মূল করতে হবে।
রাজনৈতিক আন্দোলনের নামে সহিংসতাকারীদের কঠোরভাবে দমনে পুলিশ বাহিনীকে নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৪ সালের রাজনৈতিক সহিংসতার উদাহরণ টেনে তিনি বলেন, আন্দোলনের নামে কেউ সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করে মানুষের নিরাপত্তা দিতে হবে।
মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, বিভিন্ন সংগ্রামে, সংকটে পুলিশ বাহিনী মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে আইনশৃঙ্খলা বজায় রেখেছে।
জঙ্গিদবাদ নির্মূলে পুলিশের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আগামী দিনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এবং তা মোকাবেলায় পুলিশকে আরো দক্ষ এবং আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে হবে।
যেকোনো অভিযান কিংবা সন্ত্রাস দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেও পুলিশ সদস্যদের প্রতি এ সময় দিক-নির্দেশনাও দেন শেখ হাসিনা।
এছাড়াও অনুষ্ঠিত বৈঠকে কাজ করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা এবং অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা।
বিগত তিন বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল দাবি করে পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক বলেন, আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।