গতবছর অর্থনীতি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি যে রিপোর্ট দিয়েছে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে—এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে এ মন্তব্যের বিষয়ে বিশদভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘নো নো নো, অল রাবিশ।’
সিপিডির রিপোর্টের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী একে "রাবিশ" বলেও উল্লেখ করেন।
সিপিডি বলেছে, ব্যাংক খাতের জন্য অর্থ মন্ত্রণালয়ের নজর দারির ঘাটতি আছে—এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আই হ্যাভ নো কমেন্ট। বাংলাদেশ যে এত সব অর্জন করেছে, এই ব্যাপারে কখনোই সিপিডি কোনো রিকগনাইজ করেনি।’
এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবিরের নেতৃত্বে একটি দল আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
গতকাল সিপিডি এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিবেদন তুলে ধরে জানায়, ব্যাংকিং খাতে দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যক্তিখাতে বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানির থেকে আমদানি বৃদ্ধি পাওয়াসহ সমষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে চাপের মধ্যে রেখেই পার হয়েছে ২০১৭ সাল।
প্রতিবেদনে আরো বলা হয়, এ পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছরে অর্থনীতি আরও ঝুঁকির মুখে পড়বে।
আর এসবের পেছনে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতাকে দায়ী করা হয়।