স্মার্টফোন নির্ভর উবার- পাঠাও এর মতো পরিবহন সেবায় আইনি বৈধতা দিয়ে ‘রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালার’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
১১টি শর্ত মেনে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশেই এ সেবা দেয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
তবে এজন্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমে একটা লাইসেন্স নিতে হবে— পরে সেটা নবায়ন করতে হবে বলে জানান তিনি।
বর্তমানে ট্যাক্সি ক্যাবের ভাড়ার জন্য যে নীতিমালা আছে এ ধরনের রাইডিংয়ের ক্ষেত্রেও সেই নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে। পাঠাও সার্ভিসের মতো মোটরসাইকেলের মাধ্যমেও এ সেবা দেয়া যাবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার শর্তভঙ্গ করলে সনদ বাতিলসহ প্রচলিত আইনে শাস্তির বিধান রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বর্তমানেও এ ধরনের সেবা কার্যক্রম চলছে— এটা এখন আইনি কাঠামোয় আনতে নীতিমালা করা হচ্ছে।
ভোলার ভেদুরিয়াতে ৬০০ বিএসএফ গ্যাস আবিষ্কার হয়েছে বলেও মন্ত্রিসভার শুরুতে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করেন।