পৃথিবী এখন বিষাক্ত এর থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে— পরিবেশ দুষণের চেয়েও বড় দুষণ মানুষের চিন্তায় ও মননে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সোমবার বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন ভারতের এ সাবেক রাষ্ট্রপতি।
প্রণব মুখার্জি তার ভাষণে বলেন, সাহিত্যের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশি মানুষের প্রাণ গেছে, তারা নিজেরাই জানে না কি চায়।
যুদ্ধ নয় শান্তিপূর্ণ পৃথিবী গড়তে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক তাই এখানেই তো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন।
‘শুধু একুশে ফেব্রুয়ারি নয়, যারা আন্দোলন করে বাংলা ভাষাকে রক্ষা করেছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই। গর্বের বিষয় একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।’
ভারতের সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘আমি পড়ুয়া, পড়তে ভালবাসি। তবে রাজনৈতিক জীবনে পড়তে পারিনি। রাষ্ট্রপতি হিসেবে তেমন কাজ ছিলো না। তবে ভারতের রাষ্ট্রপতি ভবনে এত বই রয়েছে যে তিনবার রাষ্ট্রপতি হলেও তা পড়ে শেষ করা যাবে না।’
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি।
সকালে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।
আগামীকাল-মঙ্গলবার চট্টগ্রামের রাউজানে মাস্টার দ্যা সূর্যসেনের বাড়ি পরিদর্শনের কথা রয়েছে তার।
এরপর তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার দ্যা সূর্য সেন হলে, ওইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন তিনি। সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দেয়া হবে।
পাঁচ দিনের বাংলাদেশ সফরে তার সঙ্গে রয়েছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বুধবার ঢাকা ফিরে ভারতের সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে, বৃহস্পতিবার সকালে তার ভারতে ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয় ঘুরে যান প্রণব মুখোপাধ্যায়। তার আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন তার স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখোপাধ্যায়।
পাঁচদিনের সফরে গতকাল বিকেলে ঢাকা পৌঁছান তিনি।