তৎকালীন ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার ও ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন শেষে বুধবার চট্টগ্রাম ত্যাগ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বিট্রিশ আমলে চট্টগ্রাম যুববিদ্রোহের পুরোধা সূর্যসেন মাস্টারদার নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামের পুলিশ লাইনে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুন্ঠন করেন।
আর, চট্টগ্রামের পাহাড়তলীর তৎকালীন ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশ লাট সাহেবদের ওপর প্রীতিলতার নেতৃত্বে আক্রমণ চালানো হয়।
সকালে প্রণব মুখার্জী প্রথমে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে যান—সেখানে অস্ত্রাগার পরিদর্শন করেন।
এসময় পুলিশের পক্ষ থেকে ওই দিনের সংক্ষিপ্ত ইতিহাস তাকে জানানো হয়।
এরপর তিনি যান পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে—সেখানে তিনি ঘুরে দেখেন। ব্রিটিশ লাট সাহেবদের ওইসময়ের বিনোদন কেন্দ্র এবং সুরঙ্গ পথ এবং তারা যেখানে অস্ত্র রাখত সেটাও ঘুরে দেখেন।
পাহাড়তলী থেকে প্রণব মুখার্জি সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঢাকা ফেরার উদ্দেশে।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-চবি সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেন ভারতের সাবেক এ রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে।