দেশে এক শ্রেণী অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামর্থ না থাকার কারণে তারা বাঁকা পথ খোঁজে আর অসংবিধানিক সরকার এলে তাদের ক্ষমতা বেড়ে যায় বলে জানান তিনি।
বুধবার বিকেলে জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
পাওয়া না পাওয়ার হিসাব না করে- দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ উন্নয়নের ছোয়া পায়।
নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন এলে একটি শ্রেণীর মানুষ অবৈধপথে ক্ষমতায় যেতে মরীয়া হয়ে ওঠে।
এছাড়াও নীতিমালা অনুযায়ী আগামী বাজেটের পর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ও জাতীয়করনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে সার্বিক অবস্থা বিবেচনা করে নীতিমালার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা।