টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এবার দেশের ১৬ জেলা থেকে আগত মুসল্লি ছাড়াও অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান এ পর্বে অংশ নিচ্ছেন। ইজতেমা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সমন্বিত প্রস্তুতি। এছাড়াও নেয়া হয়ছে সাত স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা।
শুক্রবার ভোরে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে ফজরের নামাজ আদায়ের পর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের উদ্দেশ্যে বাংলা ভাষায় বয়ান দিচ্ছেন তাবলীগ জামাতের জ্যেষ্ঠ মুরব্বীরা। বাংলায় বয়ান শুরু করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।
এ পর্বে দেশের ১৬টি জেলা থেকে আসা মুসল্লিরা ২৮টি খিত্তায় অবস্থান করে ভোর থেকেই বয়ান শুনছেন। অর্ধ শতাধিক দেশের কয়েক হাজার বিদেশী মেহমান অবস্থান নিয়েছেন, বিদেশি নিবাসে।
ইজতেমার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অর্ধশতাধিক অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নজরদারি করা হচ্ছে।
ইজতেমা সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সমন্বিত প্রস্তুতি। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাত করবেন কাকরাইল মসজিদের ইমাম বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের।
এর আগে গত ১৪ জানুয়ারি শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।