মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে।
সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আখেরি মোনাজাত শুরু হয়, শেষ হয় বেলা পৌনে ১১টার দিকে। এ মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে মুসল্লিদের ঢল নামে।
এবছর দুই পর্বে ভাগ করা ইজতেমার মোনাজাত করা হয় বাংলায় আর পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মো. জোবায়ের।
এর আগে বাদ ফজর মজমা জোড়ানো বয়ান করেন মাওলানা আবদুর রহিম নকিব, পরে হেদায়েতি বয়ান করেন মাওলানা আবদুল মতিন।
গতকাল থেকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত ছিল। কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বাস, ট্রাক, ট্রেন, নৌকা-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মুসল্লি তুরাগ তীরে জমায়েত হন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে দেশ-বিদেশ থেকে আগত মুরুব্বিরা তাবলিগের ছয় উছুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করেন।
এর আগে গত ১২ জানুয়ারি শুরু হয় ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত হয় ১৪ জানুয়ারি রোববার। ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে এ বছর দেশের ১৬ জেলার মুসল্লি ছাড়াও দেশ-বিদেশের অন্তত ৩০-৩৫ লাখ মানুষ অংশ নেন বলে ধারণা সংশ্লিষ্টদের।