রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, রোববার সকাল ৮টার দিকে ৫ নম্বর ভবনের (এমপি হোস্টেল) ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে অনিকের মরদেহ উদ্ধার করা হয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মফিজুল হক জাহাঙ্গীর জানান, ন্যাম ভবনে তিনি তার দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন—তার স্ত্রী সাধারণত সাতক্ষীরাতেই থাকেন।
ভোরেই সাতক্ষীরার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফেরেন ওয়ার্কার্স পার্টির নেতা ও সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ও তার স্ত্রী।
ফ্ল্যাটে এসে তিনি ছেলেকে ডাকলেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না— তখন ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান জানান মফিজুল হক জাহাঙ্গীর।
অনিক আজিজ এমপি লুৎফুল্লাহর একমাত্র ছেলে। তিনি দুই ভাই-বোনের মধ্যে সবার বড়। অনিক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিএসসি শেষ করে ঢাকার ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ে এমএসসি পড়া-লেখা করছিলেন।
পুলিশ বাসা থেকে অনিকের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।