ব্রিটিশ আমলের আইনে নয়— নিজস্ব আইনে পাবর্ত্য অঞ্চলের মানুষের ভূমির মালিকানা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পার্বত্য চট্টগ্রামে ৪ হাজার-তম পাড়ার উদ্বোধন করে তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির সিংহভাগ বাস্তবায়ন করেছে সরকার।
শেখ হাসিনা বলেন, পাহাড়ে শান্তি ফেরাতে এ চুক্তি করেছে আওয়ামী লীগ বাস্তবায়নও করবে সরকার।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সেসর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী মানুষের মৌলিক সামাজিক সেবা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে চার হাজারতম পাড়া কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ পাড়া কেন্দ্র উদ্বোধন করে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের সময় থেকেই পাহাড়ের অশান্তি শুরু— এ সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতেই পার্বত্য শান্তিচুক্তি করে আওয়ামী লীগ যার বেশিরভাগই এখন বাস্তবায়িত।
এদেশের কোনো অঞ্চল অবহেলিত থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী জানান, পাহাড়ে শান্তি থাকলে উন্নয়ন হবে।
এরপর দর্শক সারিতে বসে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।