দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল (বুধবার) ভোলা যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এ সফরে তিনি জ্যাকব টাওয়ার ও বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতির ভোলা সফরকে কেন্দ্র করে বাংলাবাজার ও চরফ্যাশন উপজেলায় দেখা দিয়েছে উৎসবের আমেজ। মোহাম্মদ আবদুল হামিদকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে উপ-শহর বাংলাবাজার ও চরফ্যাশন উপজেলা।
দুই দিনের এ সফরের প্রথম দিনে চরফ্যাশনে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার ও চারটি কলেজের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। পরে একটি সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
সফরের শেষ দিন, সদর উপজেলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন করবেন তিনি। দুপুরে ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের।
এদিকে, রাষ্ট্রপতিকে এক নজর দেখার জন্য উৎসুক ভোলাবাসী। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।