বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করায় গত ৯ বছরে বেপজায় বিনিয়োগ দ্বিগুণ হয়েছে এবং রপ্তানি আয়ও বেড়েছে— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেপজা আন্তর্জাতিক সম্মেলন-২০১৮ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, বেপজার বিনিয়োগ আকর্ষণ এবং পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে ২ লাখ ৮৩ হাজার ৬২০টি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আবদান রাখছে।
বেসরকারি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ প্রধানমন্ত্রী বিশেষ ইপিজেডে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বানও জানান।
এ সময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, গত ৯ বছরে সরকারের সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপে বেপজায় বিনিয়োগ দ্বিগুণের বেশি এবং রপ্তানি প্রায় আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে ইপিজেডগুলোতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
বেপজা দেশের ইপিজেডগুলোকে ইতিমধ্যে বিনিয়োগের আকর্ষণীয় স্থান হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
কৃষি জমি বাঁচিয়ে দেশের বিভিন্ন এলাকায় কলকারখানা গড়ে তুলতে দেশি-বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
বিনিয়োগবান্ধ নীতির ফলেই চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়াসহ ৩৮টি দেশের বিনিয়োগকারীরা ইপিজেডের কারখানায় বিশ্বখ্যাত ব্যান্ড পণ্য উৎপাদন করছে বলেও জানান তিনি।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে ১১৫০ একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চরের উদ্বোধন করেন।