প্রধানমন্ত্রীর পদ চিরস্থায়ী না এটি সাময়িক পদ— আমি নিজেকে সেবক মনে করি এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে বাংলাদেশ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের সম্প্রসারিত ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী ভাষণ দেয়ার আগে অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ভয় পান তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থসচিব আমার সঙ্গে কথা বলতে ভয় পান— এ কথা শুনে আমি দুঃখিত, আমার সঙ্গে কথা বলতে কেন ভয় পাবেন?
আমি নিজেকে সেবক মনে করি, প্রধানমন্ত্রী না—এ পদটি সাময়িক, স্থায়ী বন্দোবস্ত না।
অতীতে অনেকে একবার উঠলে আর নামা যাবে না এটা মনে করতো আমি এটাকে সাময়িক মনে করি— সুযোগ পেয়েছি জনগণের স্বার্থে কাজ করার। আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জাতির জনকের মেয়ে হিসেবে দেখি। সরকারি যে বাসভবন সেটা কিন্তু তৃণমূলের জন্যও উন্মুক্ত। মাঝে মধ্যে নিরাপত্তার জন্য একটু সমস্যা হয়ে যায়। দেশের যেকোনও কাজের জন্য যে কেউ যেকোনও সময় আসতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই বলেন তিনি।
জনগণের অর্থ সাশ্রয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরো দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।
বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মতো ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রী ডিজিটাল সুবিধার পাশাপাশি সাইবার নিরাপত্তায়ও গুরুত্ব দেয়ার কথা বলেন।