বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও দেশের ৬ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।
বুধবার সকাল থেকে দেশের অন্যান্য স্থান থেকে বিএনপি নেতাকর্মীরা যাতে নাশকতা সৃষ্টির জন্য রাজধানীতে আসতে না পারে সেজন্য চেকপোস্ট বসিয়ে পথচারী ও বিভিন্ন যানবহনে তল্লাশি করা হচ্ছে।
এছাড়া জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আর রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, মুন্সীগঞ্জ জেলার শিমুলিয়া ঘাট থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং গজারিয়া উপজেলা অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের ব্যাপক তৎপরতা।