বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের দিন জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে পুলিশ—বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার বিকেলে সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ও নৈরাজ্য কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন।
জাবেদ পাটোয়ারী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে পুলিশ।
রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এ মহাপরিদর্শক। রায়কে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করলে পুলিশ তা কঠোরভাবে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি দেখলেই আইনৃশঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন জাবেদ পাটোয়ারী।
এ রায়কে কেন্দ্র করে পুলিশ গণগ্রেপ্তার করছে না বলেও সাংবাদিকেদর প্রশ্নের জবাবে দাবি করেন আইজিপি।