বাংলা ভাষার সক্রিয়তা বজায় রেখে দেশকে আধুনিকতার সঙ্গে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২১ গুণী ব্যক্তিকে প্রদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হবে।
ভাষা আন্দোলন, শিল্প, সাহিত্য, গবেষণা, সাংবাদিকতা ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেলেন ২১ জন বিশিষ্ট ব্যক্তি। প্রত্যেককে একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এ বছর ভাষা আন্দোলনে আ জা ম তকীয়ুল্লাহ ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম; শিল্পকলায় শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মোহাম্মদ খুরশীদ আলম, মতিউল হক খান, মীনু হক, হুমায়ুন ফরিদী, নিখিল সেন, কালিদাস কর্মকার এবং গোলাম মুস্তাফাকে একুশে পদক দেয়া হয়।
এছাড়াও সাংবাদিকতায় রণেশ মৈত্র; গবেষণায় প্রফেসর জুলেখা হক; অর্থনীতিতে মইনুল ইসলাম; সমাজ সেবায় ইলিয়াস কাঞ্চন এবং ভাষা ও সাহিত্যে মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন, এবং খালেকদাদ চৌধুরী পদক পান।