দুর্নীতির ধারণা সূচকে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের—২ ধাপ এগিয়ে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। বৃহস্পতিবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ-টিআইবি দুর্নীতির এ ধারণা সূচক প্রকাশ করে।
টিআই'র দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আইনি কাঠামোর উন্নতির ফলে— দুর্নীতি কমানোর সম্ভাবনা দেখা দেওয়ায় সূচকে বাংলাদেশের ২ ধাপ উন্নতি হয়েছে। তবে উদ্বেগজনক দুর্নীতিগ্রস্ত দেশ থেকে বের হওয়ার তালিকায় বাংলাদেশ পাশ করতে পারেনি।
দুর্নীতির ধারণা সূচক আরো বলা হয়, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে, বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি হয় একমাত্র যুদ্ধবিধস্ত আফগানিস্তানে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান- সবার অবস্থানই বাংলাদেশের চেয়ে ভাল।
গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৬। এ বছর পেয়েছে ২৮। ২০০১ সালের পর এটিই সর্বোচ্চ স্কোর। টিআই'এর মানদন্ড অনুযায়ী, দুর্নীতির সূচকে ১০০ এর মধ্যে ৪৩ কে গড় স্কোর বিবেচনা করা হয়। সে হিসেবে বাংলাদেশের দুর্নীতি উদ্বেগজনক।
এবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সোমালিয়া। তার পরই রয়েছে দক্ষিণ সুদান।
এদিকে, বিশ্বের ১৮০টি দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই। তাতে দেখা যায়, বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড। তার অবস্থান নিচের দিক থেকে ১৮০তম। নিউজিল্যান্ডের উল্টোদিকে অবস্থান বাংলাদেশের।
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ দখল করেছে ১৭তম অবস্থান। আগেরবার যা ছিল ১৫তম।