শত ব্যস্ততার মাঝে সামান্য সময় পেলে পরিবারের সঙ্গে ভাগ করে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বিকেলে তেমনই করে নাতি নাতনিদের সঙ্গে গণভবনের লনে সময় কাটান প্রধানমন্ত্রী।
একেবারে নির্ভার শেখ হাসিনা নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মাতোয়ারা—তারাও নানি-দাদিকে কাছে পেয়ে খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীও পরম যত্নে নাতনির চুলে বেণীও বেঁধে দেন।
প্রিয়জনদের সঙ্গে গতকাল বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর কাটানো এসব মুহূর্তের ছবি গতকালই ফেসবুকে পোস্ট করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
ছবি দুটি পোস্ট করে আশরাফুল আলম লিখেছেন, ‘আজ বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে শেখ হাসিনা। সাধারণে অসাধারণ আমাদের আপা...আমাদের ঠিকানা...’
ছবি দুটি পোস্ট করার পরপরই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রধানমন্ত্রীর ঘরোয়া জীবনযাপনের এসব চিত্র বিপুল সাড়া ফেলে।
প্রথম ছবিতে প্রধানমন্ত্রী বেণি বাঁধছিলেন নাতনি লীলার চুলে। আর দ্বিতীয় ছবিতে দেখা যায়, লীলা-কাইয়ূসসহ তিন শিশু হাত প্রধানমন্ত্রীর সঙ্গে ধরে খেলছে।
আশরাফুল আলমের ফেসবুক পেজে ছবি দুটির পরিপ্রেক্ষিতে আসে অজস্র মন্তব্য। সবাই দেশের সরকারপ্রধানের এই ভিন্ন রকম দিনযাপনের চিত্রের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে ২০১৩ সালের ২৭ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে মোরগ-পোলাও রান্নায় ব্যস্ত প্রধানমন্ত্রীর রান্নাঘরের ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছিল।