উন্নয়নের ধারা চলমান থাকা দরকার, না হলে পিছিয়ে যাবে দেশ—যা আগেও হয়েছিল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 'প্রধানমন্ত্রীর স্বর্ণপদক' প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিটি বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় আর প্রতি জেলায় হবে একটি করে বিশ্ববিদ্যালয়। আগামী মার্চে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই ধারাবাহিকতায় সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৫ ও ২০১৬ সালে দেশের ৪৪টি পাবলিক ও ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৩ লাখ শিক্ষার্থীর মধ্যে সেরা ২৬৫ জন শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ তৈরি করে দেয়াটা জরুরি যা তার সরকার করে চলেছে।
শিক্ষাখাতে অধিক বাজেট বরাদ্দের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশে একটি মানুষও যেন নিরক্ষর না থাকে সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
প্রধানমন্ত্রী জানান, উন্নয়ন কাজের ধারাবাহিকতা থাকা দরকার না হলে পিছিয়ে যাবে দেশ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জানান, সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক দুটি বিষয় আবশ্যিক করা হচ্ছে।