রাজধানীর চারপাশের নদ-নদীর নাব্যতা রক্ষা ও দূষণ রোধে আশেপাশের কল-কারখানা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নেয়া হচ্ছে—এ তথ্য জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
রোববার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বৈঠকে একই সঙ্গে নদ-নদী দূষণকারী এবং খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
এরইমধ্যে উদ্ধার করা খাল আবার দখল করার পাঁয়তারা চালাচ্ছে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেসব দখলকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতই ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, একই সঙ্গে নদী দূষণকারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সাভারে স্থানান্তরিত চামড়া শিল্প এলাকায় ইটিপি নির্মাণ কাজ শেষ করা এবং যেসব কারখানার কাজ এখনও সমাপ্ত হয়নি তা দ্রুত শেষ করার ওপরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়।