সুশাসনের অভাব দুর্নীতি দমনে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে –তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের লেজুড়বৃত্তি করে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার সকালে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ-টিআইবির বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বড় বড় দুর্নীতিবাজদের বিচার করতে না পারলেও কিছু ক্ষমতাবানকে বিচারের আওতায় এনে দুদুক দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করেন ইকবাল মাহমুদ।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো টিআইবির বার্ষিক সম্মেলন।
সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ টিআইবির কাজের ভূয়সী প্রসংশা করেন।
গত ২ বছরে টিআইবি যেসব প্রতিবেদন প্রকাশ করেছে, তার বিরুদ্ধে দুদকের বলার কিছু নেই বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
এ সময় তিনি অভিযোগ করেন, দুদকের একার পক্ষে দুর্নীতি কমানো সম্ভব না কারণ তাদের সেই জনবলও নেই সুশাসনেরও অভাব রয়েছে।
এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারজ্জামান অভিযোগ করেন, ছোট ছোট কিছু দুর্নীতির বিচার করলেও দুদক বড় ধরনের দুর্নীতিবাজদের বিচার করতে পারছে না।
তার এ অভিযোগ পুরো সত্য নয় বলে দাবি করেন দুদক চেয়ারম্যান।
আগামী বছর টিআইবির দুর্নীতির ধারণা সুচকে বাংলাদেশের বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন ইকবাল মাহমুদ।