সরকারি ব্যাবস্থাপনায় দু'টি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ ২০১৮’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় এ মৌসুমে হজে যাবে ৭ হাজার ১৯৮ জন। আর বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার জন। প্রথম প্যাকেজে খরচ ধরা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা আর দ্বিতীয় প্যাকেজে খরচ হবে ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা।
এছাড়াও শিশু আইনের সংশোধনী খসড়া, জাতীয় ক্রীড়া পরিষদ আইন এবং কর্মচারী কল্যাণ বোর্ড আইনের সংশোধনীর খসড়ায়ও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
এরপরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মোট আটটি আলোচ্যসূচির মধ্যে দুটি ছিল হজ সংক্রান্ত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরে জানান, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ১৯৮ জন হজ পালনে যেতে পারবেন।
আর দুই প্যাকেজের মধ্যে প্রথমটির ব্যয় ধরা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা। আর দ্বিতীয় প্যাকেজে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এরমধ্যে বিমান ভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। সচিব জানান, জেটফুয়েল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে এবার ৭৫ ডলার বেড়েছে বিমান ভাড়া।
এর বাইরে আরও কিছু নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে, এরমধ্যে হাজিদের নিজেদের জিনিসপত্র বহনের জন্য ট্রলিব্যাগ কিনতে হবে নিজেদের। হজযাত্রীদের বাসস্থান মক্কা থেকে দুই কিলোমিটারের বেশি হলে এজেন্সিকেই গাড়ি দিতে হবে। প্রাক-নিবন্ধিত ব্যক্তির মৃত্যু না হলে তার স্থানে কাউকে প্রতিস্থাপন করা যাবেনা।
আর গত তিন বছরে যারা হজ নিবন্ধন এবং ভিসা নিয়েও হজে যাননি, তারা এবার হজ করতে চাইলে অতিরিক্ত ২০০০ রিয়াল দিতে হবে।
এর বাইরে মন্ত্রিসভা শিশু আইনের সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে। এই আইনের আওতায় দেশের সব জেলা উপজেলায় শিশু আদালতে নারীও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করতে পারবে।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ আইন ও মহেশখালিতে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং হংকং কোম্পানি লিমিটেড চায়নার মধ্যে একটি অংশীদারিত্ব কোম্পানি গঠন সংক্রান্ত প্রস্তাবেও অনমোদন দেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই বাংলাদেশ প্রেস ইনস্টিউট অব বাংলাদেশ-পিআইবি সংকলিত "সংবাদপত্রে বঙ্গবন্ধু" শীর্ষক বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।