রাজধানীর দারুস সালাম ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন।
দারুস সালাম থানার এসআই আবু সাইদ বলেন, রাজধানীর দারুস সালামে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ফুলহাতা শার্ট ও প্যান্ট রয়েছে।
তিনি বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রাজধানীর শেরেবাংলা নগর মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে সংসদ এলাকায় ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন।
তিনি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার চর গঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে কবির হোসেন পরিবার নিয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় থাকতেন। কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে তিনি মোহাম্মদপুর বছিলায় যাচ্ছিলেন।
মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে কবির হোসেন গুরুতর আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।