কৃষকের দোরগোড়ায় সব ধরনের ডিজিটাল সেবা পৌঁছে দেবে সরকার—বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-কৃষি সেবা 'কৃষি বাতায়ন' ও 'কৃষক বন্ধু ফোন সেবা' কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, কৃষিকে ডিজিটালাইজড করার মাধ্যমে বাজার যাচাইয়ের সুযোগ পাবেন কৃষকরা। ফলে কেউ তাদের ঠকাতে পারবে না।
সার্বিক উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জনগণের খাদ্যে পুষ্টির নিশ্চয়তা দিতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, কৃষিতে প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষিকাজের নানা সমস্যার তাৎক্ষনিক সমাধান পাবেন কৃষকরা।
কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জে কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন, কোনো জমি অনাবাদি রাখা যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে যেখানে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে সেখানে আওয়ামী লীগ সরকারে এসে সার কৃষকের পেছনে ছুটছে।
কৃষিনির্ভর বাংলাদেশে বর্তমানে ৬৬ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। যুগের সাথে তাল মিলিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চালু হলো ই-কৃষি সেবা 'কৃষি বাতায়ন' ও 'কৃষক বন্ধু ফোন সেবা'। ৩৩৩১- এই নম্বরে ফোন দিয়ে মাঠের কৃষক সরাসরি জানতে পারবেন কৃষিকাজের সকল তথ্য।